গোপালগঞ্জের মুকুসুদপুরে কৃষকের ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে। বৃহস্পতিবার ভোরে মুকসুদপুর উপজেলার বাহিরবাগ গ্রামের কৃষক মণি মিয়ার ফাঁদে বাঘটি ধরা পড়ে। আজ শুক্রবার মুকসুদপুর উপজেলা প্রাণি সম্পদ অফিস ও বন বিভাগ বাঘটি উদ্ধার করেছে। বাঘটি এখন মুকসুদপুর উপজেলা বন বিভাগের তত্ত্ববধানে রয়েছে।
মুকসুদপুর উপজেলার বাহিরবাগ গ্রামের কৃষক মণি মিয়া বলেন, ‘প্রতিদিন আমাদের বাড়ির গৃহপালিত হাঁস ও মুরগী ধরে নিয়ে যাচ্ছিল একটি প্রাণি। এ প্রাণিকে ধরার জন্য বুধবার রাতে আমি একটি ফাঁদ পাতি। বৃহস্পতিবার ভোরে আমার ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়ে। খবর পেয়ে আশেপাশের গ্রামের উৎসুখ হাজার হাজার মানুষ বাঘটি দেখতে আমার বাড়িতে ভিড় করে। শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলা প্রাণি সম্পদ অফিস ও বন বিভাগ বাঘটি নিয়ে যায়।’
মুকসুদপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আমরা বাঘটির ছবি তুলে খুলনা চিড়িয়াখানায় পাঠিয়েছিলাম। চিড়িয়াখানার প্রাণি বিশেষজ্ঞরা ছবি দেখে এটিকে মেছোবাঘ বলে জানিয়েছে।’
মুকুসুদপুর উপজেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, ‘আমরা বাঘটি উদ্ধার করে আমাদের তত্ত্ববধানে নিয়ে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাদের সিদ্ধান্ত পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
/এমডিপি/








