আগামী জাতীয় নির্বাচন বানচাল করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার (৪ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী এসময় বলেন, ‘বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে তরুণ সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।’
মন্ত্রী এসময় আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়েই বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে।’ এসময় তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান। পরে মন্ত্রী তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিসসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/এফএস/
আরও পড়ুন-








