গাজীপুরের টঙ্গীতে ফাঁসির আসামি জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার রাতে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলাটি করেন। এতে হামলার পর আটক মোস্তফা কামাল (২২) ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড মামলার হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে সোমবার ঢাকার আদালতে পাঠানো হয়।হাজিরা শেষে প্রিজনভ্যানে করে তাদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর কলেজ গেট এলাকায় সন্ধ্যা ৬টার দিকে প্রিজনভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেগুলো রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এ সময় টঙ্গী ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে ব্যাগভর্তি ককটেল এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করেন তারা। এতে কেউ হতাহত হয়নি।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, আটক মোস্তফার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হোসেন। তার কাছ থেকে ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়।
/বিএল/
এ সংক্রান্ত আগের খবর:
মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে ককটেল হামলা, আটক ১








