মুন্সীগঞ্জের শ্রীনগরের শ্যামসিদ্ধি ইউনিয়নে আলেক বেপারী (৪০) নামের আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্যালামতি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহতের বাড়ি পাশেই তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করা হয়। এসময় বাড়ির আশপাশের লোক দেখে ফেললে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে ধানমণ্ডির বেসরকারি কিডনি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলেক বেপারী ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনে ঝামেলার সংবাদ পেয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
/এমও/








