সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী এলাকায় এপেক্স ট্যানারির মেশিনে বেল্ট পেঁচিয়ে শামিম হোসেন নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে হেমায়েতপুর এলাকায় ট্যানারিতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়। নিহত প্রকৌশলী রাজধানীর গুলশান এলাকার নুরুল ইসলামের ছেলে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সাভারের হেমায়েতপুরের হরিণধারা এলাকায় এপেক্স ট্যানারি নামের একটি কারখানায় সকাল থেকে কাজ করছিলেন প্রকৌশলী শামিম হোসেন। পরে দুপুরের দিকে হঠাৎ করেই ওই কারখানার মেশিনের বেল্টের মধ্যে পেঁচিয়ে পড়ে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এআর/







