আমরা আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন করবো উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, শুধু এই ম্যাসেজটা পৌঁছে দিতে এবং আপনাদের আশ্বস্ত করতে এসেছি। আপনারা আমাদের সহযোগীতা করুন। আইন -শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশৃঙ্ক্ষলা সৃষ্টি করে সে যেই হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্ক্ষলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আ. হালিম খান, পরিচালক নির্বাচন প্রশিক্ষণ আ. আলিম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) পটুয়াখালীর কোম্পানি কমান্ডার এম ছুরত আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো.দুলাল তালুকদার প্রমুখ।
আগামী ১৬ এপ্রিল তালতলী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫১ জন ও সাধারণ সদস্য পদে ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
/জেবি/
আরও পড়তে পারেন: পটুয়াখালীতে প্রশ্নপত্র ফাঁসের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড








