নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামালউদ্দিন (৫০) আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৬ জানুয়ারি একই আদালত সাত খুন মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ জনের মৃত্যুদণ্ড ও অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২৬ জনের মধ্যে এখনও চার জন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার আত্মসমর্পণ করা জামাল প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ট সহযোগী ও তার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিদ্ধিরগঞ্জ এলাকায়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, ‘গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় রায় ঘোষিত হয়। তবে সাত খুনের ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন জামাল। বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাদের লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়।
/এফএস/
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে বিশেষ শিশুদের আঁকা ছবি








