গোপালগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল আওয়াল মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মুকুসদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে শেখ ও মাতুব্বর বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুরের জলিরপাড় বাজার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বর নজরুল ইসলাম মাতুব্বর ও প্রতিপক্ষ পরাজিত সদস্য পদপ্রার্থী মো. মান্দার আলী শেখের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে গঙ্গারামপুর স্লুইসগেট এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নজরুলের সমর্থক আওয়াল ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন দুই পক্ষের অন্তত ২০ জন।
এ সময় পাল্টাপাল্টি হামলায় কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এআর/







