গোপালগঞ্জে পাঁচ দিন ব্যাপী পঞ্চম জেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। শহরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে এ সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার।
জেলা স্কাউটের কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মণি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্কাউটের সম্পাদক মো. মাহে আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সমাবেশে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার ৩৫টি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল অংশ নিচ্ছে। স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট দলগুলোর তাবু বসেছে। প্রত্যেক স্কাউট দলের স্টল বর্নিল সাজে সাজানো হয়েছে। সেখানে শিক্ষা উপকরণ, গৃহস্থালী সামগ্রীসহ বিভিন্ন সামগ্রী শোভা পাচ্ছে।
জেলা স্কাউটের সম্পাদক মাহে আলম বলেন, ‘স্কাউটের লক্ষ্য ও উদ্দেশ্যসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের ২১ শতকের উপযোগী করে গড়ে তুলতে এ স্কাউট সমাবেশের আয়োজন করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে উন্নত, সমৃদ্ধ ও শান্তিময় জীবন গড়ে তুলবে। সমাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেবে। অন্যদের ভালো কাজে উৎসাহিত করবে।’
/এফএস/
আরও পড়ুন-
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সংস্কারে সুফল দেখছেন শিক্ষাবিদরা








