নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাবন্দি এক যুবককে জামিনে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে বাড়িতে ডেকে এনে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ওই যুবকের বন্ধু ও সহযোগীদের বিরুদ্ধে। ওই সময়ে ধর্ষণকারীরা তরুণীকে মারধর করে। তিনি এখন হাসপাতালে ভর্তি। এ ঘটনায় শনিবার (৬ মে) সকালে ওই তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, অভিযোগকারী তরুণীর বাড়ি ফতুল্লার মাসদাইর বেকারি মোড় এলাকাতে। সে নারায়ণগঞ্জ শহরের একটি হোসিয়ারী কারখানাতে কাজ করে। তার স্বামী একটি মারামারি মামলায় বেশ কয়েকদিন ধরে জেলহাজতে রয়েছেন।
বৃহস্পতিবার (৪ মে) রাতে ওই তরুণীকে তার স্বামীর বন্ধু ইমরান ফোন করে। কথোপকথনের এক পর্যায়ে স্বামীকে জেলহাজত থেকে জামিনে ছাড়িয়ে আনার সহযোগিতার কথা বলে ওই তরুণীকে তার বাড়িতে যেতে বলে। পরে ওই তরুণী কারখানার কাজ শেষে রাত ৯টায় একই এলাকা মাসদাইর বেকারি মোড় এলাকাতে ইমরানের বাড়িতে যায়। তখন আগে থেকে সেখানে থাকা ইমরানসহ আরও কয়েকজন মিলে একটি রুমে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে। বাধা দিতে গেলে ওই তরুণীকে মারধর করে হয়। পরে ফোন পেয়ে তরুণীকে তার বাবা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
ওসি আরও জানান, নির্যাতনের শিকার ওই তরুণী ইমরানের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতদের অভিযুক্ত করে মামলা করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
/এআর/








