নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার করা মামলার শুনানি আগামী ১৪ মে নির্ধারণ করেছেন আদালত। রবিবার সকালে শুনানি শেষে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক এ আদেশ দেন। এসময় মামলার তদন্ত কর্মকর্তাদের উপস্থিতি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার মামলার শুনানির জন্য পূর্ব নির্ধারিত তারিখ ছিল। এদিন মামলার বাদী জেলা হেফাজতের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান উপস্থিত থাকলেও বিবাদী রফিউর রাব্বি উপস্থিত ছিলেন না। তার পক্ষে আইনজীবী হিসেবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু ও জিয়াউল হক কাজল উপস্থিত ছিলেন। অপরদিকে বাদী পক্ষে অ্যাডভোকেট সুলতান,হাসান ফেরদৌস জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ মে রফিউর রাব্বিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে দীর্ঘ শুনানি শেষে আগামী ১৪ মে তদন্তকারী কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানির দিন ধার্য্য করেন বলে উভয় পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
রাব্বি হলেন নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা। তিনি তেল গ্যাস খনিজ সম্পদ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক।
জানা গেছে, ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ৭ মে এর মধ্যে ওই মামলা প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন। গত ৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি। প্রতিবেদনে রাব্বির বক্তব্যের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন, ‘যদি বাংলার মানুষ জানতো সংবিধান বিসমিল্লাহহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ, তবে ৩০ লাখ শহীদের কেউ মুক্তিযুদ্ধে অংগ্রহণ করতো না।’
মামলার বাদী অভিযোগ, ‘রাব্বির সেই বক্তব্য বাদীসহ সারাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তাছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল। ’
/জেবি/
আরও পড়তে পারেন: মাদারীপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ








