গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিক-আপের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার (৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার (মেঘনা সাইকেল) কারখানার সামনে এঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (২৮) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কিসমত নড়াইল গ্রামের আসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন, কাজল ও শফিকুল ইসলাম। আরেকজনের নাম জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার (মেঘনা সাইকেল) কারখানার সামনে মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। ঢাকাগামী পিকআপ (ঢাকা মেট্টো-ন-১৮-৫৮০১) ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে পিকআপে থাকা রফিকুল ইসলাম নিহত হন ও পিকআপের হেলপারসহ তিনজন আহত হন।
তিনি জানান, পিকআপের চালক ও নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি মাওনা হাইওয়ে থানায় আটক রয়েছে।
/এনআই/








