গাজীপুর মহানগরের পুবাইল কলেজ গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টঙ্গী রেলজংশনের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার সকাল ৫টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজ গেইট এলাকায় পৌঁছালে ওই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
/এআর/








