গোপালগঞ্জ পোস্ট অফিসে পলি দাস নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে এক লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে পোস্ট অফিসের ট্রেজারি কক্ষের মধ্য এ চুরির ঘটনা ঘটে।
পলি দাস জানান, বুধবার দুপুরে শহরের ইউবিসি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে পোস্ট অপিসে জমা দিতে আসেন। টাকা জমা দেওয়ার জন্য তিনি অফিসের ট্রেজারি কক্ষে ঢুকেন। টাকা জমা দেওয়ার জন্য তাকে অফিসাররা ডাক দিলে তিনি সমানে এগিয়ে যান। পরে ভ্যানিটি ব্যাগ খুলে দেখেন টাকা চুরি হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এর আগেও কয়েকবার পোস্ট অফিসে এমন চুরির ঘটনা ঘটেছে। গত রবিবারও একই ভাবে এক ব্যক্তির ৬৮ হাজার টাকা চুরি হয়েছে।
সহকারী পোস্ট মাস্টার জেনারেল মো. নুরুল হক জানান, পোস্ট অফিস থেকে টাকা চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে আমারা সবাইকে সচেতন করার চেষ্টা করছি।
তবে পোস্ট অফিসে সিটিটিভি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে যোগদান করার আগে থেকেই সিসিটিভি ক্যামেরা নষ্ট। রেঞ্জ অফিসে জানানো হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ আসেনি। ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছিলাম। পোস্ট অফিসের মধ্য থেকে টাকা চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জে ঈদকে সামনে রেখে পকেটমারদের দৌরাত্ব বেড়েছে। প্রায় প্রতি দিনই কারো না কারো টাকা, মোবাইল চুরি হচ্ছে। বিশেষ করে মেয়েদের ভ্যানিটি ব্যাগ থেকে এসব চুরি হচ্ছে। ঈদের ভিড়ে এসব চুরি করে অনায়াসেই চোরেরা সটকে পড়ছে। যদিও আইন-শৃংখলা বাহিনীর লোকজন পাহারা দিচ্ছে।
/জেবি/
আরও পড়তে পারেন: বৈরি আবহাওয়া কারণে সেনা সদস্য চঞ্চলের মরদেহ বুধবার পৌঁছেনি








