পদ্মা নদীর তীব্র স্রোতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাংগী সেতুটি ধসে গেছে। রবিবার (৯ জুলাই) ভোর ৬টার দিকে সেতুটির পূর্ব পাশের অংশটি ধসে যায়। ফলে ভোর থেকেই ফরিদপুর শহরের সঙ্গে নর্থচ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, গোলডাংগী ওই পুরাতন সেতুটির পাশে বড় একটি সেতুর নির্মাণ কাজ চলছে। কাজের কারণে খালটির পদ্মা নদীর উৎসমুখটি বাঁশ, মাটি দিয়ে বন্ধ রাখা হয়। পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকলে বাধটি ভেঙে সেতুটি ওপর প্রবল চাপ সৃষ্টি হলে সেটি ভেঙে যায়। ফলে সেতু সংলগ্ন একটি মসজিদসহ কয়েকটি বাড়ি এখন হুমকির মুখে রয়েছে।
সেতুটি ধসে যাবার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে যান।
নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, চরাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র সেতুটি ধসে যাওয়ায় বিপাকে পড়েছে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ। সেতুটি ধসে যাওয়ার কারণে ফরিদপুর শহরের সঙ্গে নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নের ৩৭টি গ্রামের কয়েক হাজার মানুষ এখন বিপাকে পড়েছে। তবে সেতুটি ধসে যাওয়ায় বিকল্প হিসেবে নৌকা দিয়ে জনসাধারণের চলাচল করা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
/এআর/








