মাদারীপুরে স্পিনিং মিলের শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুর ১টার দিকে সদর উপজেলার মস্তফাপুর মিলের ভেতরে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
পুলিশ জানায়, রূপালী ব্যাংক মতিঝিল শাখার ঋণের ৭০০ কোটি টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিকে সিলগালা করার নির্দেশ দেয় সরকার। এ কারণে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ফিরোজ হোসেনসহ একটি টিম আসেন মাদারীপুর স্পিনিং মিলে। তারা মাদারীপুর স্পিনিং মিলস লিমিটেড সিলগালা করতে গেলে শ্রমিকরা প্রথমে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে মিলের ভেতরে অবস্থান নেন তারা। এরপর পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ২ পুলিশসহ ২০ শ্রমিক আহত হন। পরিস্থিতি মোকাবেলায় ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
এদিকে শ্রমিকদের অভিযোগ, ২ মাস ১৫ দিনের টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠানটি সিলগালা করার ২ হাজারের বেশি নারী শ্রমিক ক্ষতির মুখে পড়বেন।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, প্রতিষ্ঠানটিকে সিলগালা করার নির্দেশ দেয় সরকার, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার সময় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বাধা দিলে এই পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
/এফএস/
আরও পড়ুন- কীর্ত্তনখোলায় ট্যাংকার-কার্গো সংঘর্ষ: নদীতে তেল নিঃসরণ নিয়ন্ত্রণে








