গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ঝুমকা আক্তার (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত সোমবার (৩রা জুন) নিজ বাড়ি থেকে ওই কিশোরী নিখোঁজ হয়।১২ দিনেও তার কোনও সন্ধান মেলেনি। এ ব্যাপারে মুকসুদপুর থানায় তার সাধারণ ডায়েরি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নিখোঁজ ঝুমকার বাবার।
নিখোঁজ কিশোরী ঝুমকা আক্তার মুকসুদপুর উপজেলার খান্দারপার দক্ষিণপাড়া গ্রামের সাহিদ মোল্যার মেয়ে।
ঝুমকার বাবা সাহিদ মোল্যা জানান, গত সোমবার (৩রা জুন) দুপুরে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় দক্ষিণপাড়া গ্রামের বাড়িতে তার স্ত্রী সাহানা বেগম দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমায় এবং ঝুমকা বারান্দায় ঘুমায়। বেলা তিনটার দিকে তার মা ঘরে বাইরে এসে ঝুমকাকে আর পাননি। গত ১২ দিন ধরে তারা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে ঝুমকাকে খোঁজ করেছেন। কিন্তু ঝুমকার কোনও খবর পাওয়া যায়নি।
তিনি অভিযোগ করে বলেন, ‘এ ঘটনায় আমরা মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করতে গিয়েছিলাম। কিন্তু কারও নাম না থাকায় পুলিশ তা নেয়নি। আমি আমার মেয়েকে ফিরে পেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।’
এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। তবে তারা আমার কাছে কোনও অভিযোগ দিতে আসেনি। অভিযোগ দিলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, বিষয়টি আমার জানা নেই। আপনার কাছ থেকে শুনলাম। মেয়েটির বাবা জিডি করলে তা নেওয়া হবে এবং মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হবে।
/জেবি/
আরও পড়তে পারেন: মুন্সীগঞ্জে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু








