নরসিংদীতে একটি পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। বুধবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার চিনিশপুর গ্রামের মোহাম্মদ আলী ফকির জিন্নাহর পুকুরে মাছটি ধরা পড়ে।
মোহাম্মদ আলী ফকির জিন্নাহ জানান, দুপুরে চাষ করা দেশীয় জাতের রুই, কাতল, তেলাপিয়া ও মৃগেল মাছ ধরার জন্য পুকুরটিতে নামে লোকজন। এ সময় তাদের জালে আটকা পড়ে বিরল প্রজাতির একটি মাছ। হঠাৎ করে এ ধরনের অপরিচিত মাছ দেখে চমকে ওঠেন তারা। ১ ফুট লম্বাকৃতির মাছটির কাঁটাযুক্ত শরীরে কোনও আঁশ নেই, মুখটা বড়। কালো রংয়ের শরীরে হলুদ রংয়ের ছাপ।
খবর পেয়ে আশেপাশের লোকজন মাছটি দেখতে ভিড় করে। তারা কেউ আগে এ রকম মাছ দেখেননি বলে জানান। দর্শনাথীদের দেখার পর মাছটি আবার পুকুরে অবমুক্ত করা হয়।
নরসিংদী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম জানান, এটি একটি বিদেশি জাতের মাছ নাম সাকার ফিস। এটি অন্যান্য মাছ খেয়ে ফেলে তাই মাছটি ক্ষতিকর বলা হয়ে থাকে।
/বিএল/








