নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে নগরীতে দিনের বেলা ট্রাক চলাচল বন্ধ ও সকল প্রকার পণ্য লোড-আনলোড বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত ট্রাক চলাচল ও পণ্য লোড-আনলোড করা যাবে। ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ সোমবার (৩১ জুলাই) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ট্রাক মালিক-শ্রমিক, ব্যবসায়ী জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রসাশক রাব্বি মিয়া জানান, জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়া ব্রিজ থেকে নিতাইগঞ্জ ও আশপাশের অলিগলি সড়কের বিভিন্ন পয়েন্টে দিনের বেলা ট্রাকে পণ্য লোড-আনলোড করার কারণে শহরের প্রতিদিনই যানজট লেগে থাকে। এ নিয়ে নগরীবাসী যানজট নিরনের দাবি জানিয়ে আসছিল। সেই দাবির প্রেক্ষিতে সোমবার জেলা প্রশাসন সভা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
জেলা প্রশাসক বলেন, নগরীর ডাইলপট্টি এলাকায় বোটখালের পাশে এবং বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়া ব্রিজ থেকে নিতাইগঞ্জ পর্যন্ত রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাক লোড-আনলোড করতে পারবে। প্রতিটি ট্রাক লোড-আনলোডের ক্ষেত্রে সবোর্চ্চ তিন ঘণ্টা সময় পাবে।
স্থানীয় সংসদ সদস্য ও বিকেমমই-এর সভাপতি এ কে এম সেলিম ওসমান সভার শুরুতে নগরীর যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিতাইগঞ্জের আটা, ময়দা, গম, চাল, ডাল ব্যবসায়ী এবং ট্রাক মালিক শ্রমিকদের জেলা প্রশাসনের সিদ্ধান্ত মেনে চলার জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য একে এম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।
/বিএল/








