নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশুরি সফুর কমিউনিটি সেন্টারে একই সময়ে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপ পাল্টাপাল্টি সভা ও মিলাদ মাহফিল আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকাল ৫টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই কমিউনিটি সেন্টার ও এর আশপাশের এলাকায় এই আদেশ বলবৎ থাকবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার (২ আগস্ট) বিকালে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়ার অনুসারী নেতাকর্মীরা উপজলার কায়েতপাড়া ইউনিয়নের মশুরি এলাকার সফুরা কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল ও প্রস্ততি সভা আহ্বান করে। এ ঘটনায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় মঙ্গলবার বিকালে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম জানান, একই জায়গায় একই সময়ে দুই গ্রুপ সভা ডাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ বিকাল ৫টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মশুরি সফুরা কমিউনিটি সেন্টার ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে বুধবার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের মশুরি সফুরা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশেষ সভা আহ্বান করা হয়। কিন্তু আমাদের সভা ডাকার পর স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ওই সভাকে বাঞ্চাল করার জন্য যুবলীগকে দিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেন।’
তবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জাল হোসেন মোল্লা জানান, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনের জন্য উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন প্রায় ১৫ দিন আগে সভা করে সিদ্ধান্ত নেয় স্থানীয় সংসদ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে (১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত) উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল বুধবার মশুরি সফুরা কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।কিন্তু আমাদের অনুষ্ঠান বন্ধ করতে উপজেলা চেয়ারম্যান তার অনুসারীদের দিয়ে একই সময়ে একই স্থানে প্রস্তুতি সভা আহ্বান করে।
/বিএল/








