নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে ৯ মাসের শিশু কন্যা জান্নাতুলকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাকারী বাবা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ আগস্ট) রাতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক( এসআই) মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সোমবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত জহিরুলকে সোনারগাঁও থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ঘাতক জহিরুল ইসলাম সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের সিকিম আলীর ছেলে।
সোনারগাঁও থানার ওসি তদন্ত ওবায়েদুল হক বাংলা ট্রিবিউনকে জানান, শিশু কন্যা জান্নাতুলকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে বাবা জহিরুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (৮ আগস্ট) রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রবিবার রাতে মাদকাসক্ত ইলেকট্রিক মিস্ত্রি জহিরুল ঘরে ফিরে ঘুমন্ত শিশুকন্যা জান্নাতুলের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় শিশুর মা কুলসুম তার মেয়েকে বাঁচাতে গেলে আহত হয়। মা-মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নেওয়ার কথা বলে রাস্তা থেকে ফিরে আসে জহিরুল। পরে তাদের বাড়িতে কবিরাজি চিকিৎসা করায়। ৫ দিন বিনা চিকিৎসায় শুক্রবার (৪ আগস্ট) রাতে মেয়ে জান্নাতুলের মৃত্যু হয়।
/এআর/








