গাজীপুরের শ্রীপুর ও টঙ্গীতে রবিবার সকালে বিদ্যুৎপৃষ্টে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলো- শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামের জুলহাস মিয়ার মেয়ে ও পেলাইদ দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী তামান্না (১২) এবং টঙ্গীর এরশাদ নগর এলাকার বাসিন্দা বরিশালের হিজলা থানার চর নেমানিয়া গ্রামের জয়নাল বারীর ছেলে রাজমিস্ত্রী আব্দুল কাদের বারী (৩৬)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, আব্দুল কাদের পরিবার-পরিজন নিয়ে এরশাদ নগরের ৫নং ব্লকে বসবাস করে রাজমিস্ত্রীর কাজ করতেন। রবিবার সকালে কাদের বারী টঙ্গীর এরশাদ নগরের একই ব্লকের সৈয়দ আলীর বাড়ির দোতলার নির্মাণ কাজ করছিলেন। সকাল ১১টার দিকে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, রবিবার সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার পেলাইদ এলাকায় নিজেদের বাসায় চার্জার লাইটে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তামান্না। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তামান্নার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: হাঁটু পানির নিচে সৈয়দপুর, প্লাবিত হওয়ার আশঙ্কায় বিমানবন্দর








