আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে একটি রায় দিয়েছেন। বিএনপি এ রায় নিয়ে লাফালাফি করছে। এ রায় নিয়ে তাদের কি লাভ। সে রায় কি করব, না করব তা সংসদ দেখবে।’ রবিবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাতপাড়-হাতিয়াড়া-রামদিয়া সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, এটা বাতিলের রায় দিলেই তো বাতিল হয়ে গেলো না। এটা বাতিল করার ক্ষমতা এক মাত্র সংসদের রয়েছে। সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য যদি বাতিলের পক্ষে ভোট দেন, তাহলেই শুধু ষোড়শ সংশোধনী বাতিল হবে। এখনও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তাদের ষড়যন্ত্র আর কোনও দিনই বাংলার মাটিতে বাস্তবায়ণ হবে না।
শেখ সেলিম আরও বলেন, ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, এ হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া-মোস্তাক জড়িত ছিল। আর এ কারণে জিয়া ক্ষমতা দখল করে ইনডেমনিটি বিল পাশের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করে ছিল। এ হত্যাকাণ্ডের উদ্দেশ ছিল স্বাধীন দেশকে পাকিস্তানী ধ্যান-ধারণায় চালানো।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমিরণ রায়, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস বক্তব্য রাখেন।
এর আগে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ৬৩ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় থেকে কাশিয়ানীর রামদিয়া পযর্ন্ত ১৫.৮ কিলোমিটার সড়ক নির্মাণ উদ্বোধন করে। ১৮ ফুট প্রস্থের এ সড়কটি নির্মাণের ফলে এ কাশিয়ানী উপজেলার ১৩ টি গ্রামের প্রায় দুই লক্ষাধিক মানুষ উপকৃত হবেন।
/জেবি/
আর পড়তে পারেন: সাজেকে আটকা পড়া পর্যটকদের উদ্ধার করলো সেনাবাহিনী








