বর্ষাকালে বৃষ্টি হবেই, বৃষ্টিকে ভিলেন বানিয়ে অজুহাত সৃষ্টি করে রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী থাকবে এটা হয় না। আমাদের ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টারদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা মাঠে থাকবে। সঙ্গে হাইওয়ে পুলিশ, পুলিশ সবাই মাঠে থাকবে, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে মন্ত্রী কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে ঈদ উপলক্ষে যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বৃষ্টি-বাদলকে অজুহাত দেখিয়ে ঘরমুখো যাত্রা বিঘ্নিত হবে, এটা আমি বলতে চাই না। যেকোনও অবস্থায় বৃষ্টি-বাদলের মধ্যেও সড়ক ব্যবহারযোগ্য, চলাচলের উপযোগী রাখা হবে। গত ঈদে যেভাবে মানুষের ঘরযাত্রা সম্পন্ন করা গেছে, আমার বিশ্বাস এবারও ঘরমুখো যাত্রা স্বস্তিদায়ক হবে।’
কোরবানি ঈদে সমস্যা হচ্ছে পশুবাহী পরিবহন জানিয়ে মন্ত্রী বলেন, ‘এগুলোর জন্য রাস্তায় যানজট হয়, লম্বা টোল হয়। সংশ্লিষ্ট সবাইকে আমরা আগেভাগে জানিয়ে দিয়েছি, পশুবাহী গাড়িগুলোর যেন ফিটনেস থাকে।’
বন্যার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাঞ্চলে ৫০টি পয়েন্টে এক থেকে তিন কিলোমিটার রাস্তা এখনও পানির নিচে রয়েছে। এবার আমাদের কড়া নজরদারি রয়েছে। কারণ দুর্যোগপূর্ণ পরিস্থিতি আমাদের সতর্ক করে দিয়েছে।’
এসময় হাইওয়ে পুলিশের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সাসেক প্রকল্প পরিচালক দিলীপ কুমার গুহ, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।








