গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক কারারক্ষীকে ৬০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার নাম আজিজার রহমান। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পোড়ানগরী ছয়গড়িয়া গ্রামের নবাব আলীর ছেলে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারারক্ষী আজিজার রহমান ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। কারা কর্তৃপক্ষের কাছে এই তথ্য আগে থেকেই ছিল। এরপর থেকে তাকে বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়। পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কারারক্ষী আজিজারকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ জানান, কারা কর্তৃপক্ষ ওই কারারক্ষীকে ইয়াবাসহ আটক করে। পরে পুলিশে খবর দিয়ে তাকে ফাঁড়িতে আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








