গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের চাপায় জাবের স্পিনিং মিল কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার নয়নপুর এলাকায় কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসনে আরা (২৫) ওই কারখানার কাটিং শাখার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিড়খারুয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে। মাওনা উত্তরপাড়া এলাকার সিরাজ উদ্দীনের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন তিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, জাবের স্পিনিং কারখানার শ্রমিক হুসনে আরা রাতের শিফটে কাজ করেন। সকাল ৬টায় তার ছুটি হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাৎক্ষণিক নিহতের স্বজনেরা খবর পেয়ে লাশ নিয়ে যায়।
আরও পড়ুন:
একদিকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস, অন্যদিকে পুড়িয়ে মারার হুমকি








