নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৯ জেলেকে জরিমানা করা হয়েছে। পদ্মা নদী থেকে মাছ শিকারের সময় ২৮০ কেজি মা ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, গভীর রাত থেকে সকাল পর্যন্ত লৌহজং অংশের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৮০ কেজি মা ইলিশ জব্দ, ১৯ জন জেলেকে এক হাজার টাকা করে জরিমানা, ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সকালে পদ্মা নদীর পাড়ে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং উপজেলার বিভিন্ন এতিমখানায় ইলিশগুলো বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার ও কোস্টগার্ডের কর্মকর্তারা।








