কিশোরগঞ্জের মিঠামইনে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় জেলা পরিষদের আবদুল হামিদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট মো. জিল্লুর রহমান। কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দীন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে, কিশোরগঞ্জে চার দিনের সফরের প্রথম দিন নিজ উপজেলা মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকাল ৩টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করে। পরে উপজেলা ডাকবাংলোয় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
মতবিনিময় শেষে রাষ্ট্রপতি হাওরে অলওয়েদার সড়ক ও ফুলবাড়ি সেতুর নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
সফরের প্রথম দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজ বাসভবনে রাতে থাকবেন।
আগামীকাল সোমবার (৯ অক্টোবর) তিনি মিঠামইন থেকে হেলিকপ্টারে করে জেলার বাজিতপুরে যাবেন। দুপুরে রাষ্ট্রপতি বাজিতপুরে স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা চত্বর ও চারটি সেতু উদ্বোধন করবেন। বিকালে রাষ্ট্রপতি বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে কিশোরগঞ্জ শহরে নিজ বাসভবনে থাকবেন।
আরও পড়তে পারেন: পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ১০ জেলের কারাদণ্ড








