দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি -শিমুলিয়া নৌরুটে শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে ফেরি,লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈরী আবহাওয়ায় পদ্মায় তীব্র স্রোত রয়েছে। একইসঙ্গে অনেক উঁচু উঁচু ঢেউ। যে কারণে ফেরি,লঞ্চ,স্পিডবোট কোনও নৌযানই চলাচল করতে পারছে না। এছাড়া দমকা ঝড়ো হাওয়ায় এই নৌরুটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার (২২ অক্টোবর) সকাল পর্যন্ত এমন অবস্থা বিরাজ করবে।’
তিনি আরও বলেন, মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে আসা যাত্রীরা ফেরিঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঘাটে দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া অনুকূল হলেই ফেরি ও লঞ্চ চলাচল পুরোদমে শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।








