নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের বিল্লাল হোসেনে সঙ্গে একই এলাকার মফিজউদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতের একটি রায় বিরোধপূর্ণ সম্পত্তি বিল্লাল হোসেনের পক্ষে যায়। তবে এ বিরোধকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে মফিজউদ্দিন ভোগ দখল করে আসছিল। আদালতের রায় পেয়ে বৃহস্পতিবার সকালে বিল্লাল হোসেন সম্পত্তি দখল করতে যান। এসময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে বিল্লাল হোসেনকে মফিউদ্দিনের লোকজন পিটিয়ে আহত করে। পরে বিল্লাল হোসেনের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মফিজউদ্দিনের স্ত্রী হালিমা বেগম ও মেয়ে মনিকাকে মারধর করে। পরে উভয় পক্ষের আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বিল্লাল হোসেনের পক্ষে বাবুল হোসেন ও মফিজউদ্দিন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাবুল হোসেন অভিযোগ করেন, মফিজউদ্দিন, আলাউদ্দিন, হালিমা, মনি আক্তার আমাদের জমি দখল করে রেখেছে। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আদালতের রায় অমান্য করে সম্পত্তি জোড়পূর্বক দখল করে আছে।
মফিজউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমাদের জমি জোড়পূর্বক দখল করে আছে বিল্লাল হোসেন গং। জমি দখলে বাঁধা দেওয়ার তারা আমার স্ত্রী ও মেয়েকে পিটিয়ে আহত করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম বলেন,‘এ ঘটনায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’








