সাভারে একটি ট্রাক চাপায় দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
নিহতরা হলেন, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কোপালভেড়া গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে সোহান হাওলাদার (২০) ও কুমিল্লা জেলার হাজিগঞ্জ থানার বলিয়ারাজাপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মিয়া (২১)। তারা দুজনই শাহ সিমেন্ট কোম্পানির গাড়ি চালক ছিলেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে শাহ সিমেন্টের দুটি ট্রাক নিয়ে চালকরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে একজনের ট্রাক নষ্ট হয়ে যায়। এসময় নষ্ট ট্রাকটি বেঁধে নেওয়ার জন্য তারা গাড়ি থামিয়ে মহাসড়কের পাশে দাঁড়ায়। এসময় পেছন থেকে আসা সবজি ভর্তি আরেকটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়তে পারেন: কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু








