নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জেএমবির তিন সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল আদালত ৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুল্লাহ আল নাঈম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়বুর রহমান (৩০)।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহম্মেদ জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র্যাব-১১ এর একটি দল টাঙ্গাইল জেলার বাইপাস এলাকা থেকে জেএমবি সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে অস্ত্র, ডেটোনেটর, বিস্ফোরক দ্রব্য, পাওয়ার জেল ও হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৭ সালের ৭ জানুয়ারি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যাব। রিমান্ডে সে জেএমবির সক্রিয় সদস্য হিসেবে কাজ করার কথা স্বীকার করে। এসময় সে নারায়ণগঞ্জে থাকা তার অপর সহযোগীদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও হ্যান্ডগ্রেনেড থাকার কথা স্বীকার করে। পুলিশ ওই রাতেই সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তৈয়বুর রহমানের বাড়িতে অভিযান চালায়। তখন তৈয়বুর রহমান জানায় অস্ত্রগুলো তার সহযোগী আব্দুল্লাহ্ আল নাঈমের বাড়িতে রেখেছে। পরে র্যাব তাদেরকে নিয়ে রূপগঞ্জের মাঝি পাড়া এলাকায় যায়। সেখানে গিয়ে আব্দুল্লাহ্ আল নাঈমের বাসার ঘাটের নিচ থেকে বাজারের ব্যাগে মোড়ানো অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধারসহ নাঈমকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই র্যাবের ডিএডি আব্দুস সালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। র্যাব তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।
উল্লেখ্য, এর আগে টাঙ্গাইলের একটি মামলায় আসামি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও সে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি মামলায় ১২ বছরের কারাদণ্ড এবং অপর একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি।
আরও পড়ুন: মাগুরায় রোহিঙ্গা নাগরিক আটক








