গ্যাস সংকটের কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রবিবার সকালে সিবিএ’র উদ্যোগে কারখানার ভেতরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শ্রমিকরা কারখানা গেটে সমাবেশ করেন।
এসময় শ্রমিক নেতারা বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস সংকটের অজুহাতে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সার কারখানাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এতে উৎপাদন বন্ধ হয়ে যায় দেশের বৃহত্তম ঘোড়াশাল ও পলাশ সার কারখানায়।’
তারা আরও বলেন, ‘প্রতি বছর ৩ থেকে ৬ মাস বন্ধ রাখার পর গ্যাস সংযোগ দিয়ে পুনরায় কারখানা চালু করা হলেও চলতি বছর ৮ মাস পার হলেও কারখানা চালু করা হচ্ছে না। এতে একদিকে কারখানার যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শ্রমিক-কর্মচারীরা।’ অবিলম্বে গ্যাস সংযোগ দিয়ে কারখানা দু’টি চালু না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার সিবিএ সভাপতি আমিনুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পলাশ সার কারখানার সিবিএ সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক ইসরাইল আলী মণ্ডলসহ প্রমুখ নেতারা।








