পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহারের জন্য আনা পাথর চুরির সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ছয় জনকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের ধরা হয়।
আটক ব্যক্তিরা হলো হাসান মোল্যা, সজিব মোল্যা, রানা মোল্যা, শাখাওয়াত হোসেন, রবিউল ইসলাম ও ইমরান জমাদ্দার। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আলমগীর হোসেন নামের এক ব্যক্তি তাদের দিয়ে পাথর সরানোর কাজ করাতো।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পাথর বোঝাই দুটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করে থানায় রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে পাথর চুরির ঘটনায় মধুখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি মিজানুর বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য আনা পাথর রেলযোগে ফরিদপুরের মধুখালী স্টেশনের একটি জায়গায় রাখা হতো। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে পাথর সরিয়ে নিচ্ছিল। সোমবার দিবাগত রাতে দুটি ট্রাকে ভরে পাথর সরানোর সময় হাতেনাতে ছয় জনকে আটক করা হয়। যদিও এ কাজের মূলহোতা আলমগীরকে আটক করা যায়নি।’
এদিকে পদ্মা সেতুর কাজে ব্যবহৃত পাথর আমদানিকারক জাহিদ হোসেনের অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি প্রভাবশালী মহলের সহায়তায় রাতের আঁধারে পাথর সরিয়ে নিতো। ইতোমধ্যে সে কয়েক হাজার টন পাথর চুরি করে অন্য জায়গায় বিক্রি করেছে। বিষয়টি টের পেয়ে আমরা প্রশাসনকে জানাই।’








