আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মঙ্গলবার বিকালে রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে খালেদা জিয়া দেশের মানুষকে পুড়িয়ে মেরেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু জননেত্রী শেখ হাসিনা মাথানত করেননি। তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে, সংবিধানকে সমুন্নত রাখাতে নিজের জীবন বাজি রেখে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।’
বিএনপি নেতাদের উদ্দেশে ফজলে রাব্বী মিয়া বলেন, ‘খালেদা জিয়াকে এখন এতিমদের টাকা চুরি করে খাওয়ার মামলায় হাজিরা দিতে হয়। আপনাদের লজ্জা করে না অমন একজনের পক্ষ সমর্থন করেন। এখনও সময় আছে এগুলো বাদ দিন। না হলে মনে রাখবেন আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। প্রয়োজনে আবারও আমরা ওই চোর-বাটপারদের বাংলার মাটি থেকে উৎখাত করতে দ্বিধা করবো না।’
জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐহিত্য হিসেবে ইউনোস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে যুক্ত হওয়ায় জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
ডেপুটি স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ রাজনৈতিক কাব্য। এই কাব্য পৃথিবীতে দ্বিতীয় কোনও ব্যক্তি সৃষ্টি করতে পারেননি। কিন্তু আমাদের বাঙালি জাতির দুর্ভাগ্য এই ঐতিহাসিক ভাষণ আমরা দীর্ঘদিন শুনতে পাইনি। জিয়াউর রহমান এই ভাষণ বন্ধ করে দিয়েছিল।’
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ প্রমুখ বক্তব্য রাখেন।








