কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই শিশু সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় শিশুদের বাবা মোশারফ হোসেনও গুরুতর আহত হয়। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- উপজেলার তারাকান্দি পূর্বপাড়ার মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার (২৮), ছেলে নিলয় (১০)ও মেয়ে রাইসা (৮)।
ওসি জানান, স্থানীয় মোশারফ হোসেন এবং প্রবাসী আলম মিয়া সম্পর্কে চাচাতো ভাই।তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।এ বিরোধের জের ধরে আলম মিয়ার ছেলে মবিন (২৬) শনিবার সকাল সাতটার দিকে এই নৃশংস খুনের ঘটনা ঘটায়।পরে পালিয়ে যেতে চাইলে মবিনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকার লোকজন।
তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত করার পর বিস্তারিত ঘটনা জানা যাবে।








