কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে কটিয়াদী থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রবিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে বিকালে চোর চক্রের ছয় সদস্যকে আটটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে কটিয়াদী থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আক্কাস (৪০), খায়রুল (২৫), গালকাটা হুমায়ুন (৪০), মোশারফ (২০), ফয়সাল (৩৫) ও মিজান (৪০)। তারা কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, পাকুন্দিয়া, করিমগঞ্জ ও নিকলী উপজেলায় বসবাস করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগেরগ্রাম নিজ বাড়ি থেকে জুনায়েদ ও তার ছোট ভাই এরশাদকে পুলিশ গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেফতার করে কটিয়াদী থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, পাকুন্দিয়া উপজেলার আফতাব উদ্দিনের ছেলে সজিব মিয়া মালয়েশিয়া থেকে এই চক্রটিকে নিয়ন্ত্রণ করে। মোশারফ, ফয়সাল ও মিজান চোরাই মোটর সাইকেল বিক্রি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মালয়েশিয়ায় সজিবের কাছে টাকা পাঠায়।
কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, সংঘবদ্ধ চোর চক্রটিকে ধরতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আটটি মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। চোর চক্রের মূলহোতাকে খুঁজে বের করে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








