আশুলিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে মারধর করেছে বখাটেরা। এ ঘটনায় সোমবার (৪ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে রবিবার (৩ ডিসেম্বর) বিকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কলেজছাত্রীর বাবা-মা জানায়, আশুলিয়ার গাজীরচট এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সাজ্জাত হোসেন আকাশ দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনাটি একাধিকবার আকাশের বাবা ও সাবেক যুবলীগ নেতা শাহাদাৎ হোসেনকে জানানো হয়। কিন্তু তারপরেও আকাশ তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে কোন প্রতিবাদ করলে উল্টো যুবলীগ নেতার প্রভাব দেখিয়ে তাদের হুমকি দিতে থাকে।
এদিকে শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়ে বুড়িবাজার এলাকায় গেলে সেখানে আগে থাকা আকাশ ও তার সঙ্গিরা কলেজছাত্রীকে উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে আকাশ ওই কলেজছাত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজছাত্রী নিজেই এর প্রতিবাদ করে। পরে বখাটে আকাশ ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে ওই কলেজছাত্রীকে মারধর করে। পরে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সোমবার সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ‘আকাশের বিরদ্ধে নারী নির্যাতন ও যৌন পীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।








