গাজীপুরের শ্রীপুরে পল্লি বিদ্যুতের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মাওনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) কামাল পাশা ও লাইনম্যান ইউনুস আহত হয়েছেন বলে তাদের অভিযোগ। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাওনায় হা-মীম স্পিনিং মিলস্ গেটের সামনে এ ঘটনা ঘটে।
পল্লি বিদ্যুতের মাওনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তাজুল ইসলাম জানান, বিদ্যুৎ লাইনের ওপর থেকে গাছের ডাল কাটার কর্মসূচি চলছে। সোমবার বিকালে ডিজিএম কামাল পাশা মাওনা এলাকার হামীম স্পিনিং মিলের পাশের এলাকায় পরিদর্শনে যান। এসময় মাওনা গ্রামের হাজী মজিবর মাস্টারের ছেলে ব্যবসায়ী কবির হোসেন গাছপালা কাটার বিষয়ে ডিজিএমের কাছে কৈফিয়ত চেয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কবিরের নেতৃত্বে তার চাচাতো ভাই বাদল, প্রতিবেশী সুলতান ও সুরুজ পল্লি বিদ্যুৎ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। হামলায় মাওনা জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা আহত হন। পরে তিনি হামীম স্পিনিং মিল কারখানার ভেতর আশ্রয় নেন। তার সঙ্গে থাকা লাইনম্যান ইউনুসকেও মারধর করা হয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার পর তাদের উদ্ধার করে।
অভিযুক্ত কবির হোসেন জানান, পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ তার প্রায় ৩০টি গাছ কেটে ফেলেছে। এ নিয়ে তাদের সঙ্গে শুধু তর্কবিতর্ক হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে পল্লি বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্ধার করে অফিসে পৌঁছে দেওয়া হয়েছে।’








