ককটেল ফাটিয়ে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে নিলয় জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৩০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে। পালানোর সময় জনতার হাতে এক ডাকাত আটক হয়েছে। তার নাম মো. নাসির উদ্দিন (২৮)। বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। লুট হওয়া স্বর্নালংকার উদ্ধারের চেষ্টা চলছে।’
এলাকাবাসী জানিয়েছেন, নিলয় জুয়েলার্সের সামনে একাধিক ককটেল ফাটিয়ে ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করে। পরে ৫-৭জন ডাকাত নিলয় জুয়েলার্সে ঢুকে দোকানের মালিক মাখন সরকারকে পিস্তল ঠেকিয়ে, চাপাতি ও রামদা দেখিয়ে ভয় দেখায়। এসময় ডাকাতরা দোকানে রাখা ৩০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় ওই দোকানে মালিক মাখন সরকার একাই ছিলেন। ডাকাতরা স্বর্নালংকার লুট করে নিয়ে দৌঁড়িয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে নাসির উদ্দিন নামে এক ডাকাত আটক হয়।
পরে খবর পেয়ে কেরানীগঞ্জ থানার পুলিশ আটিবাজারে ল্যাবফোর হাসপাতালের পাশে নাসির উদ্দিন মার্কেটে ঘটনাস্থলে আসে।








