টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যদুরপাড়া এলাকায় বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বড় বিন্যাফৈর এলাকার সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং একই এলাকার মৃত তোরাপ আলীর স্ত্রী তারাবানু (৬০)।
ওসি জানান, শুক্রবার বিকালে সিএনজিচালিত একটি অটোরিকশা টাঙ্গাইল থেকে ভূঞাপুরে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ২ নারী নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।








