গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মর্জিনা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মর্জিনা নওগাঁর রাণীনগর উপজেলার সিমবা গ্রামের খবির উদ্দিন কাজীর স্ত্রী।
নিহতের স্বামীর বরাত দিয়ে ওসি জানান, মর্জিনা বৃহস্পতিবার দুপুরে তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। সন্ধ্যায় ওই বাসা থেকে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








