ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি চলাচল আবার শুরু হয়েছে। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। মাঝ পদ্মায় দুই শতাধিক যানবাহন নিয়ে আটকে পড়া চারটি ফেরিও গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে। আর পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আছে ছোট-বড় মিলে প্রায় চার শতাধিক যানবাহন।
এসব তথ্য জানিয়েছেন বিআইডব্লিউ টিসির শিমুলিয়া ঘাট এজিএম শাহ খালেদ নেওয়াজ। তিনি জানান,রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে ঝুঁকি এড়াতে বন্ধ কর দেওয়া হয় এই রুটের ফেরি চলাচল। তবে কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এখানে একটি ভিআইপি ঘাটসহ মোট চারটি ঘাট আছে। তিন ঘাট থেকে তিনটি ফেরি এরইমধ্যে ছেড়ে গেছে। আরেকটি ঘাটে ফেরি লোড হচ্ছে।
এদিকে,দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।








