নারায়ণগঞ্জের জালকুড়িতে যাত্রা শুরু হয়েছে লালন ফকিরের পুষ্পধাম আশ্রমের। লালনের মানবতাবাদী আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই পুষ্পধাম কাজ করবে বলে জানিয়েছেন আশ্রম সভাপতি ফকির নহির শাহ।
বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় ১৫ শতাংশ জমির ওপর নির্মিত পুষ্পধামের আনুষ্ঠনিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, পুষ্পধামের সভাপতি ও লালন আখড়ার মুরুব্বি মুক্তিযোদ্ধা ফকির নহির শাহ, জমির দাতা ও পুষ্পধামের সেবায়েত রমিজউদ্দিন দেওয়ানসহ স্থানীয় ব্যক্তিরা। লালনভক্ত রমিজ উদ্দিন দেওয়ান আশ্রম নির্মাণের জন্য এই ১৫ শতাংশ জমি দান করেছেন।
কুষ্টিয়ার লালন আখড়ার মুরুব্বি ও পুষ্পধাম আশ্রমের সভাপতি ফকির নহির শাহ জানান, লালন দর্শন ছড়িয়ে দেওয়ার জন্যই এই আশ্রম গড়ে তোলা হয়েছে। লালনের মানবতাবাদী আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া গেলেই দেশে থেকে সব অন্ধকার, কুসংস্কার দূর হবে বলে মনে করেন এই সুফি সাধক।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, ‘লালন আশ্রম উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। পুষ্পধামের মাধ্যমে লালনের চিন্তাধারা ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।’
পুষ্পধামের যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় দুই দিনব্যাপী সাধুসঙ্গের। কুষ্টিয়া, মেহেরপুরসহ দেশ-বিদেশের শতাধিক ভক্ত ও সাধক এই সাধুসঙ্গে অংশগ্রহণ করে সঙ্গীত পরিবেশন, ফকির লালন সাঁইজির স্মরণ, গুরুকর্ম, দৈন্যগান, গোষ্ঠগান, বাল্য সেবা, পূর্ণ সেবা ও বিদায়ী প্রণাম করেন। দুই দিনব্যাপি সাধুসঙ্গে গান পরিবেশন করেন শিল্পীরা। শুক্রবার (২৮ ডিসেম্বর ) সন্ধ্যায় শেষ হয় এই সাধুসঙ্গের মিলন মেলা।








