গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় প্রাণ-আরএফএল’র ওয়ার্কসশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাসুদ রানা (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে ছয় জন।
নিহত মাসুদের বাড়ি শরীয়তপুরে। আহতদের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দেওপাড়া এলাকায় প্রাণ-আরএফএল’র ওয়ার্কসশপে পিক-আপ থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার নামানোর সময় হঠাৎ বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলেই মাসুদ নিহত এবং অপর ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুস সাত্তার মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত সিলিন্ডারটি নামানোর সময় এটি বিস্ফোরিত হয়েছে।
প্রাণ-আরএফএলর প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামাতে গিয়ে নিচে পড়ে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজনের মতো আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হতাহতদের নাম পরিচয় তিনি নিশ্চিত করে বলতে পারেননি।








