ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের সূর্যনগর নামক স্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হন দুই জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের গানের দলের লোক বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে প্রোগ্রাম শেষে মাইক্রোবাসে করে নকুল কুমার বিশ্বাসের গানের দলের শিল্পীরা ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গার ভদ্রকান্দা পৌঁছালে গানের দলের শিল্পীদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় ড্রাইভার মোশাররফ হোসেন (৪০) ও যন্ত্রশিল্পী ওয়াহিদ সুজাত (৩৫)। এ ঘটনায় আহত হন নিমাই ও দিপক নামের দুই শিল্পী। তাদের মধ্যে নিমাইয়ের অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন রাস্তার আইল্যান্ডে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।








