ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়। দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মায় নোঙর করা ছয়টি ফেরি গন্তব্যে রওনা দিয়েছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট এজিএম শাহ খালেদ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে মার্কিন পয়েন্ট ও বীকন বাতি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয় রো রো ফেরিসহ মোট ছয়টি ফেরি।
তিনি আরও জানান, এই রুটের ফেরিগুলো দীর্ঘ সময় বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় ৩০০ যানবাহন। এর মধ্যে নৈশকোচ আছে ২৬টি।








