ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়ে পাঁচটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
মাস্টারদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, ভোর থেকেই ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যেতে থাকে। এতে করে নৌরুটের চ্যানেল দেখা দুষ্কর হয়ে পড়ে। পরে দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।এ সময় মাঝ পদ্মায় পাঁচটি ফেরি আটকা পড়ে। এছাড়া পাটুরিয়া ঘাটে ৯টি ও দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি নোঙর করা রয়েছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ফেরি সেক্টরের ওই দায়িত্বশীল কর্মকর্তা।
এদিকে, ঘাট এলাকায় শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।








