আশুলিয়ায় অজ্ঞাত পরিচয়ে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি মাঠ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি মাঠে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আলিম হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে ধর্ষণের পর ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে।’
এদিকে ঘটনাস্থলে আসা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক মনির হোসেন বলেন, ‘তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার মাথা যে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, সেটি লাশের পাশে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করা হয়েছে।’








