আশুলিয়া থানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নাদিম হোসেন, সাভার
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১১

আশুলিয়া থানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশের ভাঙারির দোকানগুলো থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন আশুলিয়া থানাকে প্রতিমাসে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে দেরি হলেই পুলিশি ঝামেলা পোহাতে হয় তাদের। প্রতিমাসে প্রায় আট লাখ টাকা চাঁদা ওঠে বলে তাদের দাবি।

সরেজমিন দেখা গেছে, আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে প্রায় একশ’ ভাঙারি দোকান গড়ে উঠেছে। আর এসব ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার মানুষ। কিন্তু সারামাস পরিশ্রমের পর আয়ের পুরো টাকা ভাগ্যে জোটে না অনেকের। এভাবেই আক্ষেপ জানালেন একাধিক ভাঙারি ব্যবসায়ী। আয়ের একটা অংশ মাসোহারা  হিসেবে বুঝিয়ে দিতে হয় আশুলিয়া থানা পুলিশকে।

শুধু ভাঙারির দোকানই নয় ব্যাটারির একাধিক ছোট দোকান থেকেও আশুলিয়া থানা পুলিশ মাসিক চাঁদা আদায় করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চাঁদার টাকা আদায়ের জন্য বাবুল নামের এক ব্যক্তিকে নিয়োজিত করা হয়েছে। তিনি এসব দোকান থেকে প্রতিমাসে প্রায় আট লাখ টাকা চাঁদা আদায় করেন।

ব্যবসায়ীরা জানান, বড় দোকান থেকে প্রতিমাসে ১৫-২০ হাজার টাকা, ছোট দোকান থেকে ৫ হাজার ও মাঝারি ধরনের দোকান থেকে ১০ হাজার করে মাসিক চাঁদা আদায় করা হয়।

মহাসড়কটির গা ঘেঁষে খলিল মিয়া নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন ভাঙারি প্রতিষ্ঠান। খলিল মিয়া বলেন, তিনি প্রায় চার বছরেরও বেশি সময় যাবৎ বাইপাইল এলাকায় ভাঙ্গারির ব্যবসা পরিচালনা করে আসছে । প্রথম অবস্থায় তার দোকান ছোট পরিসরে ছিল, এখন বড় হওয়ায় প্রতিমাসে তাকে ১৫ হাজার টাকা দিতে হয়। কোনও মাসে টাকা ঠিকমতো দিতে না পারলে পুলিশের ঝামেলা পোহাতে হয় বলেও তিনি জানান ।

খলিল মিয়ার ম্যানেজার ও ভাগ্নে রিফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝামেলা তো আছেই কম বেশি! দোকানের আয়তন অনুযায়ী আমাদের থানায় টাকা দিতে হয়। মাসে ১৫ হাজার ট্যাকা।’

রিফাতের ভাষ্য, তাদের মার্কেটের যতগুলো ভাঙারি দোকান রয়েছে, সবাইকে থানায় টাকা দিতে হয়। পাশের দোকানদার মান্নানও প্রতি মাসে ১৫ হাজার টাকা করে চাঁদা দেন।

রিফাত বলেন, ‘বাবুল নামের এক ব্যক্তি প্রতি মাসে আমাদের কাছ থাইক্যা টাকা নিয়ে থানায় দিয়ে আসে। তবে থানা ছাড়া অন্য কোনও ঝামেলা পোহাতে হয় না।’

আশুলিয়া থানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রিফাতের পাশের বড় ভাঙারির দোকানটি মান্নান মিয়ার। দোকানের ম্যানেজার মিজান ও কর্মচারী ফজলুর জানান, ১০ বছর যাবত একই মালিকের অধীনে তারা কাজ করছেন। মিজান পুলিশকে মাসোহারা দেওয়ার বিষয়টি এড়িয়ে গেলেও থানার সোর্স বাবুলের সঙ্গে তার সখ্যতার কথা স্বীকার করেন। তবে প্রতিমাসে থানায় ১৫ হাজার টাকা দিতে হয় বলে জানালেন কর্মচারী ফজলুর।

রাস্তার অপর পাশের ছোট্ট ভাঙারি দোকানি দরিদ্র হাফিজুর বলেন, ‘তার দোকান থেকেও মাসে ৫শ’ টাকা দিতে হয় আশুলিয়া থানা পুলিশকে। মাসের প্রথমেই থানার সোর্স বাবুল এসে তার কাছ থেকে টাকা নিয়ে যায়। তার দোকানের মতো ওই এলাকায় প্রায় আরও ৩০-৩৫টি দোকান আছে। তাদেরকেও প্রতি মাসে ৫শ’ থেকে ১ হাজার টাকা  করে দিতে হয়।’

এছাড়া বগাবাড়ি বাজার এলাকায় ব্যাটারির পানি বিক্রি ও মেরামতকারী এক দোকানদার জানান, প্রতি মাসে তাদের ৩শ’ টাকা করে থানায় দিতে হয়। আর তমিজ নামে এক ব্যক্তি তাদের ওপর বাড়তি প্রেসার দিয়ে সেই টাকা নিয়ে যান। না দিলে থানায় ধরে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,‘আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশে ছোট-বড় মিলিয়ে একাধিক ভাঙারি দোকান রয়েছে। এসব দোকানের অনেকেরই ট্রেড লাইসেন্সও আছে। ভাঙারি দোকান থেকে পুলিশের চাঁদা আদায়ের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে থানার আইন-শৃঙ্খলা সভায় উপস্থাপন করা হবে।’

আশুলিয়ার কুমিল্লা সমিতির সভাপতি খোকন বলেন, বাইপাইল এলাকার ভাঙ্গারি দোকান মালিকদের কোনও সমিতি নেই । এ কারণেই এসব বিষয়ে তারা অবগত নন ।

প্রতি মাসে মাসিক মাসোহারা আদায়ের প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল অভিযোগ অস্বীকার করেন। তবে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘এ ধরনের কোনও কর্মকাণ্ড হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আব্দুল আওয়াল ২০১৭ সালের ২৪ জুন আশুলিয়া থানায় যোগ দেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, তার যোগদানের আগ থেকেই চাঁদাবাজি শুরু হয় যা এখনও চলছে।
আরও পড়ুন:
শেষ মুহূর্তে জমজমাট বাণিজ্য মেলায় বিদায়ের সুর 

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম